
মেহেদী হাসান, মনপুরা: ভোলার মনপুরায় জেলের জালে ধরা পড়েছে আড়াই কেজি ওজনের একটি বিশাল আকারের 'রাজা ইলিশ'। মাছটি ঘাটে এনে নিলামে ১৫ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার রামনেওয়াজ মৎস্যঘাটের ফরহাদ হাওলাদারের মাছের আড়তে মাছটি নিয়ে আসেন জেলে এমরান মাঝি। পরে নিলামে মাছটি ১৫ হাজার টাকায় কিনে নেন আড়ৎদার শাওন হাওলাদার।
জানা গেছে, মঙ্গলবার সকালে ৫ জন মাঝি মাল্লা নিয়ে মনপুরার মেঘনা নদীতে মাছ শিকারে যান স্থানীয় জেলে এমরান মাঝি। পরে নদীতে জাল ফেলে মাছ ধরার সময় অন্য মাছের সঙ্গে 'রাজা ইলিশ' টি ধরা পড়ে তার জালে। এরপর দুপুরে মাছটি ঘাটে এনে নিলামে তুললে সর্বোচ্চ ১৫ হাজার টাকা দাম হাঁকিয়ে মাছটি কিনে নেন আড়ৎদার শাওন হাওলাদার।
আড়ৎদার শাওন হাওলাদার বলেন, সর্বোচ্চ দাম দিয়ে মাছটি কিনেছেন তিনি। মঙ্গলবার বিকেল ৩টার লঞ্চে মাছটি ঢাকার কাওরান বাজারে পাঠানো হবে। সেখানে আরও বেশি দামে মাছটি বিক্রি হবে বলে আশা করছেন তিনি।
মনপুরা উপজেলা মৎস্য কর্মকর্তার দায়িত্বে থাকা জয়ন্ত কুমার অপু জানান, ইলিশের প্রজনন মৌসুম শুরু হওয়ায় সাগর থেকে বড় আকারের ইলিশ নদীতে আসছে। ফলে জেলেদের জালে বড় ইলিশ ধরা পড়ছে। সামনে আরও বড় আকারের ইলিশ জেলেদের জালে ধরা পড়ার সম্ভাবনা রয়েছে।