
নিজস্ব প্রতিবেদক, লালমোহন (ভোলা): ভোলার লালমোহনে পুলিশের বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবা ও ১০ গ্রাম গাঁজাসহ মো. আল মাহি খান পিয়াস (২৪) নামের এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মালবাড়ি সড়কের তিন রাস্তার মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত পিয়াস চরফ্যাসশন উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়নের উত্তর ফ্যাশন এলাকার আল আমিন ও জান্নাত বেগমের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ভোলা জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর দিকনির্দেশনা এবং লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলামের তত্ত্বাবধানে এসআই আসাদুজ্জামান খানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় পিয়াসকে তল্লাশি করে তার কাছ থেকে উল্লেখিত মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।