
মো. মামুন হাজী, লালমোহন: ভোলার লালমোহনে নিখোঁজের পর খাল থেকে মো. ফরহাদ (১৪) নামে এক বাকপ্রতিবন্ধী কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বেড়িবাঁধসংলগ্ন পূর্ব পাশের খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ফরহাদ পাশের চরফ্যাশন উপজেলার ওমরপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ভূঁয়ার হাট এলাকার মো. বশির উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে খালের পানিতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে লালমোহন থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরবর্তীতে তার পরিচয় শনাক্ত করা হয়।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন শেষে মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।