
মাগুরার মহম্মদপুরে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহিন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার বড়রিয়া গ্রামের কানাবিল মাঠে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
নিহত শাহিন উপজেলার পলাশবাড়ীয়া গ্রামের নিজাম মোল্যার ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, শাহিনের মামাবাড়ি মহম্মদপুর উপজেলার বড়রিয়া গ্রামে।
স্থানীয়দের দাবি, কানাবিল মাঠের একটি সেচ পাম্পের বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করার উদ্দেশ্যে শাহিন বৈদ্যুতিক খুঁটিতে ওঠেন। একপর্যায়ে তিনি ট্রান্সফরমারটি খুলেও ফেলেন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে।
সকালে মাঠে কাজ করতে যাওয়া কৃষকরা ধানখেতে মরদেহ পড়ে থাকতে দেখে বিষয়টি স্থানীয়দের জানান। পরে খবর দেওয়া হয় পুলিশকে।
খবর পেয়ে মহম্মদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় ট্রান্সফরমার চুরির চেষ্টা এবং এর সঙ্গে আর কেউ জড়িত ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমেদ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনার বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।