
বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার দাবি করে সরকারের সংশ্লিষ্টদের গালিগালাজ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছাড়ায় গ্রেপ্তার করা হয়েছে কলেজছাত্র সিফাত আব্দুল্লাহকে। এ ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
শুক্রবার (০৪ সেপ্টেম্বর) নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ বিষয়ে কথা বলেন নাসীরুদ্দীন পাটওয়ারী।
পোস্টে তিনি বলেন, ‘ভূতুড়ে বিদ্যুৎ বিলের প্রতিবাদ করায় কলেজছাত্র সিফাত আব্দুল্লাহকে গ্রেপ্তার, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বিদ্যুৎ বিলের অনিয়ম নিয়ে প্রশ্ন তোলা একজন নাগরিকের অধিকার। মতপ্রকাশের কারণে একজন কলেজছাত্রকে হয়রানি বা কঠোর আইনে ফাঁসানোর কোনো সুযোগ থাকা উচিত নয়।
সিফাতের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করে তাকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবিও জানান তিনি।
তিনি আরও বলেন, ভয় দেখিয়ে মানুষের কণ্ঠরোধ নয়, বরং অন্যায় বিলের জবাবদিহি এবং নাগরিকের মতপ্রকাশের অধিকার নিশ্চিত করতে হবে।
উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে গাজীপুর মহানগরের গাছা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সিফাত রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী এবং গাজীপুর মহানগরের ৩৮ নম্বর ওয়ার্ডের টিনের মসজিদ এলাকার বাসিন্দা সিকান্দরের ছেলে।
গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীরা সিফাতের মুক্তির দাবিতে গতকাল রাতে গাছা থানার সামনে অবস্থান নেন। রাত দুইটার পর তারা থানা এলাকা ছেড়ে যান।