
অসুস্থ ও চিকিৎসাধীন এক বৃদ্ধ বাবার কাছ থেকে হাসপাতালে শয্যাশায়ী অবস্থায় জমির দলিলে সই বা টিপসই নেওয়ার চেষ্টার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) ভিডিওটি প্রকাশের পর বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হাসপাতালের একটি বেডে বসে থাকা এক বৃদ্ধের কাছ থেকে জমি-সংক্রান্ত একটি কাগজে স্বাক্ষর করে নেওয়ার চেষ্টা করছেন লোকটির মেয়ে। ওই সময় বৃদ্ধকে শারীরিকভাবে দুর্বল অবস্থায় দেখা যায়।
ভিডিও ধারণকারী নারী যখন বার বার বৃদ্ধের মেয়েকে হাসপাতালে দলিল নিয়ে আসার বিষয়ে প্রশ্নবিদ্ধ করছিলেন, সে সময় বৃদ্ধের মেয়ে তাকে বের হয়ে যেতে বলছেন এমনটি শোনা গেছে।
ভিডিওটি বিভিন্ন ফেসবুক পেজ ও অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ার পর অনেকেই ঘটনাটিকে অনৈতিক ও অমানবিক বলে মন্তব্য করেছেন। বিশেষ করে, একজন অসুস্থ ও শয্যাশায়ী ব্যক্তির কাছ থেকে তার সম্পত্তি-সংক্রান্ত কোনো নথিতে স্বাক্ষর নেওয়ার প্রয়োজনীয়তা ও প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।
সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ অভিযোগ করেছেন, অসুস্থতার সুযোগ নিয়ে ওই বৃদ্ধের কাছ থেকে সম্পত্তি লিখে নেওয়ার চেষ্টা করা হয়ে থাকতে পারে।
নেটিজেনদের একাংশের মতে, পরিবারের কোনো সদস্য অসুস্থ ও দুর্বল অবস্থায় থাকলে তার সম্পত্তি নিয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে স্বচ্ছতা, সম্মতি এবং আইনগত প্রক্রিয়া অনুসরণ করা অত্যন্ত জরুরি। অন্যথায় বিষয়টি নিয়ে পারিবারিক বিরোধের পাশাপাশি আইনগত জটিলতাও তৈরি হতে পারে।
এদিকে, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটির মূল উৎস, ঘটনার স্থান, সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় এবং দলিলে কী ধরনের সম্পত্তি হস্তান্তরের কথা ছিল-এসব বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।