
মনপুরা (ভোলা) প্রতিনিধি: ভোলার মনপুরায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে দলীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় হাজিরহাট সদর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে দলীয় কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সহসভাপতি ও জেলা বিএনপির সদস্য ডা. কামাল উদ্দিনের সভাপতিত্বে সভায় নেতা-কর্মীরা দলের প্রতিষ্ঠার ইতিহাস, বর্তমান সাংগঠনিক কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি আবদুল খালেক সেলিম মোল্লা ও হাজী নিজাম উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মফিজুর রহমান মিলন মাতাব্বর, উপজেলা যুবদলের সাবেক সভাপতি রাজিব চৌধুরী, সদস্য সচিব হাফেজ আবদুর রহিম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক একরাম কবির, সদস্য সচিব শাহেদুল ইসলাম শাহীন এবং উপজেলা কৃষক দলের সভাপতি মো. সালাহ উদ্দিনসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
আলোচনা সভায় বক্তারা দলের প্রতিষ্ঠার লক্ষ্য ও আদর্শ বাস্তবায়নে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি আগামী দিনে মনপুরায় বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।