
কামরুল সিকদার, চরফ্যাশন (ভোলা): ভোলার চরফ্যাশনে ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে সচেতনতামূলক র্যালি ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) সকাল ১১টায় চরফ্যাশন পৌরসভার কনজারভেন্সি ইন্সপেক্টর মো. সোহরাব হোসেন লিটনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক রুমানা আফরোজ।
র্যালিতে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, পরিচ্ছন্নতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। র্যালিটি পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে পৌর এলাকার বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
ইউএনও ও পৌর প্রশাসক রুমানা আফরোজ বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়। প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও জানান, এ অভিযানে পৌরসভার প্রায় ২০ থেকে ২৫ জন পরিচ্ছন্নতাকর্মী অংশ নেন। ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম প্রতি শনিবার অব্যাহত থাকবে।
পৌরসভার কনজারভেন্সি ইন্সপেক্টর মো. সোহরাব হোসেন লিটনের তত্ত্বাবধানে পরিচ্ছন্নতাকর্মীরা নিয়মিত শহরের বিভিন্ন নালা, খাল ও ড্রেন পরিদর্শন করে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কাজ করে যাচ্ছেন। মশার বংশবিস্তার রোধ ও পৌর এলাকার পরিচ্ছন্নতা বজায় রাখতে তাঁর এ উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসিত হচ্ছে।