
মো. সবুজ, ভোলা: ভোলার মনপুরায় ঘরের পাশের পুকুরের পানিতে ডুবে ফারহানা নামে ১৮ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার সাকুচিয়া ইউনিয়নের উত্তর সাকুচিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফারহানা ওই গ্রামের হান্নান মিয়ার মেয়ে।
মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন
শিশুটির পরিবার সুত্রে জানা গেছে, বুধবার দুপুরে বাড়ির আঙ্গিনায় খেলা করার সময় পরিবারের সকলের অগোচরে পাশের একটি পুকুরে ডুবে যায় ফারহানা। এসময় শিশুটির মা ঘরের কাছে ব্যস্ত ছিলেন। পরে পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করলে পুকুরের পানিতে ভেসে থাকতে দেখেন।
এরপর স্থানীয়দের সহযোগীতায় তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শিশুটির মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।