
লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহনে মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) সন্ধ্যায় উপজেলার মঙ্গল শিকদার ঘাটসংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়। অভিযান পরিচালনা করেন কোস্ট গার্ডের সদস্যরা।
জানা যায়, মেঘনা নদীর তীরবর্তী এলাকা থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। খবর পেয়ে কোস্ট গার্ড সেখানে অভিযান চালিয়ে বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজারটি আটক করে মঙ্গল শিকদার ঘাটে নিয়ে আসে।
পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০২৩-এর ৪ ধারা অনুযায়ী ড্রেজার মালিক পিরোজপুরের মো. রাজীবকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে নদীর তীরবর্তী এলাকায় ওই ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন না করার মুচলেকা নেওয়া হয়।
স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন জেলা থেকে ড্রেজার ভাড়া এনে একটি স্থানীয় চক্র দীর্ঘদিন ধরে মেঘনা ও তেঁতুলিয়া নদীর বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। এতে নদীর তীর ও আশপাশের জনপদ ভাঙনের ঝুঁকিতে পড়ার পাশাপাশি পরিবেশের ওপরও বিরূপ প্রভাব পড়ছে।
লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সিফাত বিন সাদেক জানিয়েছেন, লালমোহনে কোনো ধরনের অবৈধ বালু উত্তোলন করতে দেওয়া হবে না। অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, শুধু জরিমানা আদায়ের মধ্যে অভিযান সীমাবদ্ধ না রেখে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তি ও চক্রের বিরুদ্ধে নিয়মিত ও কার্যকর ব্যবস্থা নেওয়া হোক। একই সঙ্গে মেঘনা ও তেঁতুলিয়া নদীর তীরবর্তী এলাকায় নজরদারি জোরদারের দাবি জানিয়েছেন তারা।