প্রিন্ট এর তারিখঃ Sep 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 16, 2026 ইং
লালমোহনে অটোরিকশার নিচে পড়ে ৭ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
ভোলার লালমোহনে রাস্তা পার হওয়ার সময় অটোরিকশার নিচে পড়ে মোহাম্মদ আব্দুল্লাহ (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (১৬ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার পশ্চিম চরউমেদ দাখিল মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল্লাহ লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হোসেন চৌমুহনী গ্রামের মনির হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দৌড়ে রাস্তা পার হওয়ার সময় একটি অটোরিকশার নিচে পড়ে যায় আব্দুল্লাহ। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে। পরে আহত অবস্থায় তাকে ওই অটোরিকশাযোগে দ্রুত চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সকাল ৮টা ৪০ মিনিটের দিকে হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, আব্দুল্লাহ তার নানাবাড়ি পশ্চিম চরউমেদ এলাকায় বেড়াতে এসেছিল। তার নানা ছিলেন পশ্চিম চরউমেদ গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত জালাল আহমেদ।
এদিকে শিশুটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরিবারের স্বজনদের মধ্যে চলছে গভীর শোক ও আহাজারি।