
লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহনে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৭৪ জন শিক্ষার্থী এবং ৩৯ জন কোরআনের হাফেজকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যায় লালমোহন উপজেলা পরিষদ অডিটোরিয়ামে স্বেচ্ছাসেবী সংগঠন ‘হেল্পিং ক্লাব বাংলাদেশ’-এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ২০টি প্রতিবন্ধী ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী উপহার দেওয়া হয়। প্রতিটি পরিবারের জন্য ছিল ৫ কেজি চাল, ৫ কেজি আলু, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি লবণ, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি রসুন, ২ কেজি ডাল ও একটি সাবান।
এদিকে, ভোলা জেলাসহ দেশের বিভিন্ন জেলার ৫৩টি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের অংশগ্রহণে স্বেচ্ছাসেবী মিলনমেলা অনুষ্ঠিত হয়। মিলনমেলায় ভোলা-বরিশাল সেতু নির্মাণের জোর দাবি জানান স্বেচ্ছাসেবীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সিফাত বিন সাদেক।
হেল্পিং ক্লাব বাংলাদেশের প্রধান উপদেষ্টা আব্দুর রব পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লালমোহন সরকারি শাহবাজপুর কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম মোল্লা এলটি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটোয়ারী, হেল্পিং ক্লাব বাংলাদেশের উপদেষ্টা আরিফুল ইসলাম শাহীন, উপজেলা যুবদল নেতা নিজাম উদ্দিন, সংগঠনটির প্রতিষ্ঠাতা মো. আশ্রাফ আলী থানভীসহ বিভিন্ন পর্যায়ের সদস্যরা।
পরে কোরআনের হাফেজদের সম্মাননা হিসেবে ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা।