
ভোলা প্রতিনিধি: বিদ্যুৎ সাশ্রয় ও বিদ্যুৎ ব্যবস্থাপনার অংশ হিসেবে শপিংমল, মার্কেট ও দোকানপাট খোলা রাখার সময় পুনর্নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, গত ১২ আগস্ট ২০২৬ থেকে সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত শপিংমল, মার্কেট ও দোকানপাট খোলা রাখা যাবে।
সরকারের এ সিদ্ধান্ত জনসাধারণকে অবহিত করতে ভোলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকায় মাইকিং করছে জেলা তথ্য অফিস।
নির্দেশনায় বলা হয়েছে, রাত ৮টার মধ্যে সব শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধ করতে হবে। পাশাপাশি সন্ধ্যা ৭টার মধ্যে আলোকিত সব বিলবোর্ড বন্ধ করতে হবে। একই সঙ্গে সব ধরনের আলোকসজ্জাও সম্পূর্ণ বন্ধ রাখতে হবে।
এ সময়সীমা মেলা, বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। তবে কাঁচাবাজার, খাবারের দোকান, হাসপাতাল ও ওষুধের দোকান এ নির্দেশনার আওতামুক্ত থাকবে।
ভোলা জেলা তথ্য কর্মকর্তা মো. শাহ আব্দুর রহিম নূরনবী জানান, সরকারের এ সিদ্ধান্ত সম্পর্কে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের অবহিত করতে জেলা তথ্য অফিসের উদ্যোগে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকায় মাইকিং করা হচ্ছে।
তিনি বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা মেনে চলার জন্য ব্যবসায়ী ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান।
বিদ্যুৎ বিভাগের এ সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছে জেলা তথ্য অফিস।