
রাজধানীর আশকোনা হাজি ক্যাম্পের কাছে একটি সেলুনে সেভ ও হালকা ফেসিয়াল করিয়ে সাড়ে চার হাজার টাকা বিল দেওয়ার অভিযোগ উঠেছে। সম্প্রতি সৌদি আরব থেকে দেশে ফেরা এক প্রবাসীর সঙ্গে এমন ঘটনা ঘটেছে বলে জানা গেছে। বিল নিয়ে আপত্তি জানালে সেলুনে একপর্যায়ে উত্তেজনাও তৈরি হয়। পরে কান্নায় ভেঙে পড়েন ওই প্রবাসী।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সাংবাদিক, উপস্থাপক ও অনুষ্ঠান নির্মাতা আলী আজগর ইমন তার ফেসবুক দেওয়া এক পোস্টে ঘটনাটি তুলে ধরেন।
পোস্টে তিনি দাবি করেন, আশকোনা এলাকায় প্রবাসীদের লক্ষ্য করে কয়েকটি সেলুনে অতিরিক্ত বিল নেওয়া হচ্ছে। পোস্টটির মন্তব্যের ঘরে অনেকে নিজেদেরও একই ধরনের অভিজ্ঞতার কথা জানিয়েছেন।
আলী আজগর ইমন তার পোস্টে লিখেছেন, সৌদি আরব থেকে দেশে ফিরে ওই প্রবাসী আশকোনা হাজি ক্যাম্পের কাছে একটি ছোট, নন-এসি সেলুনে সেভ করতে যান। সেভ ও হালকা ফেসিয়াল করার পর সেলুনের কর্মী তাঁর কাছে সাড়ে চার হাজার টাকা বিল চান।
বিল শুনে অবাক হয়ে যান ওই প্রবাসী। তিনি যে সেবা নিয়েছেন, তার জন্য সর্বোচ্চ ৩০০ থেকে ৫০০ টাকা বিল হতে পারে বলে মনে করেন তিনি। এ নিয়ে একপর্যায়ে সেলুনকর্মীদের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি ও হাতাহাতি শুরু হয়।
পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কায় ওই প্রবাসী বাড়িতে ফোন করেন। পরে বিকাশে টাকা এনে সেলুনের বিল পরিশোধ করেন। এরপর তিনি স্থানীয় থানায় গিয়ে বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
আলী আজগর ইমনের দাবি, পরে খোঁজ নিয়ে তিনি জানতে পারেন, আশকোনা এলাকায় এমন ঘটনা নিয়মিতই ঘটছে। প্রবাসীদের লক্ষ্য করে কয়েকটি সেলুনে অতিরিক্ত বিল নেওয়ার অভিযোগ রয়েছে। সেভ করতে গিয়ে অনেকেই সেলুনকর্মীদের সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়েন এবং কান্না করে বাড়ি ফেরেন বলেও তিনি উল্লেখ করেন।
বিদেশে শ্রম দিয়ে দেশের অর্থনীতিতে অবদান রাখা প্রবাসীদের দেশে ফেরার পর এমন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে—এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন আলী আজগর ইমন।
তবে তার ফেসবুক পোস্টে করা অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট সেলুন মালিক বা কর্মীদের বক্তব্য জানা যায়নি।
প্রবাসীদের হয়রানি বা অতিরিক্ত বিল নেওয়ার অভিযোগ সত্য হলে, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে এনে তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।