
ভোলা প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও দেশব্যাপী সবুজায়ন কর্মসূচিকে বেগবান করতে দ্বীপজেলা ভোলায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।
যুব ও সামাজিক সংগঠন ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্টের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মধ্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। কর্মসূচিতে শিক্ষার্থী ও অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি, ভোলা সদর উপজেলা শাখার সহ-সভাপতি মো. শরাফত হোসেন।
তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা বৃদ্ধি, কৃষি উৎপাদনে বিরূপ প্রভাব, নিরাপদ পানির সংকট ও বাস্তুচ্যুতির মতো সমস্যা বাড়ছে। এসব মোকাবিলায় সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী, শিক্ষাপ্রতিষ্ঠান ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
তিনি আরও বলেন, একটি সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রত্যেক নাগরিক অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার দায়িত্ব নিলে দেশব্যাপী সবুজ বিপ্লব সৃষ্টি করা সম্ভব।
ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক মো. শাফায়াত হোসেন (সিয়াম) বলেন, ‘আমরা শুধু শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিচ্ছি না, তাদের পরিবেশ রক্ষার একটি সামাজিক আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত করছি। একটি গাছ অক্সিজেন সরবরাহ, জীববৈচিত্র্য সংরক্ষণ, তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’
চারা গ্রহণকারী শিক্ষার্থীরা এ উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় উল্লেখ করে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান। তারা প্রাপ্ত চারাগুলো বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও খালি জায়গায় রোপণ করে নিয়মিত পরিচর্যার আশ্বাস দেন।
আয়োজকরা জানান, পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ বিনির্মাণে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।