
জাতীয় নাগনিক পার্টি (এনসিপি)-এর দুই শীর্ষ নেতা হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমকে জুলাই গণঅভ্যুত্থানের খলনায়ক বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রীর রাজনীতি বিষয়ক উপদেষ্টা রাশেদ খান।
বুধবার (৫ আগস্ট) দিবাগত রাতে নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন।
তিনি অভিযোগ করে বলেন, ‘গণঅভ্যুত্থানের ইতিহাস বিকৃতির শুরু আসিফ মাহমুদের বইয়ের মাধ্যমে। কারণ, অভ্যুত্থানের খলনায়ক হাসনাত-সারজিসদের নেতিবাচক ভূমিকা বইয়ে তুলে ধরা হয়নি।’
রাশেদ খান বলেন, ‘এ-বিষয়ে আমি আসিফ মাহমুদের সাথে কথাও বলেছি। উত্তর পেয়েছি, তিনি যতোটা সম্ভব তুলে ধরেছেন, অনেককিছু নানা বাস্তবতার কারণে তুলে ধরতে পারেন নি।’
এছাড়া, পোস্টে তিনি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থানের তথ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠানের ত্রুটির কথা উল্লেখ করে দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ডকুমেন্টারিতে শহীদ আবু সাঈদের সাহসী চিত্রটি বিদ্যমান ছিলো। তবে, ডকুমেন্টারিতে অনেককিছু যুক্ত করা হয়নি, সেটা দুঃখজনক।
তথ্যচিত্রের এই ত্রুটির জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর দুঃখ প্রকাশ করেছেন। এবং দ্রুতই এর সংশোধনের প্রতিশ্রুতি দিয়েছেন বলেও জানান তিনি।