
এইচ এম নোমান, চরফ্যাশন: জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জুলাইয়ে সংঘটিত হত্যাকাণ্ডের দায়ে অভিযুক্তদের বিচার ত্বরান্বিত করা, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্তদের বিচার, শহীদ ওসমান হাদির হত্যার বিচার, গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই সনদ কার্যকরের লক্ষ্যে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বানের দাবিতে ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট, শশিভূষণ ও দক্ষিণ আইচা থানায় পৃথক গণমিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার (১ আগস্ট) তিন থানার জামায়াতের নিজ নিজ কার্যালয় থেকে পৃথক মিছিল বের হয়। মিছিলগুলো সংশ্লিষ্ট এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
শশিভূষণে আয়োজিত কর্মসূচিতে অংশ নেন চরফ্যাশন উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মীর মোহাম্মদ শরীফ হোসাইন, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট পারভেজ, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবুল কাসেম, অ্যাডভোকেট মহিবুল্লাহ মহিবসহ স্থানীয় নেতারা।
গণমিছিলে জামায়াতে ইসলামীর নেতাকর্মী, সমর্থক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অংশগ্রহণকারীরা দাবিসংবলিত ব্যানার বহন করেন এবং বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশে বক্তারা বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান ছিল দুঃশাসন, বৈষম্য ও অনিয়মের বিরুদ্ধে জনগণের আন্দোলন। তারা জুলাইয়ে সংঘটিত হত্যাকাণ্ডের দ্রুত বিচার, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্তদের বিচার কার্যক্রম এগিয়ে নেওয়া, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই সনদ কার্যকর এবং এ লক্ষ্যে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বানের দাবি জানান।
বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। পরে শান্তিপূর্ণভাবে কর্মসূচির সমাপ্তি হয়।