
মো:মেহেদী হাসান, মনপুরা: ভোলার মনপুরায় বাংলাদেশ কোস্ট গার্ডের ১৭ ঘণ্টাব্যাপী বিশেষ অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ কুখ্যাত ডাকাত চক্র ‘স্বপন বাহিনী’র প্রধান স্বপন (৫০) গ্রেপ্তার হয়েছেন।
বুধবার (২২ জুলাই) রাতে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২১ জুলাই রাত ১১টা থেকে ২২ জুলাই দুপুর ৩টা পর্যন্ত মনপুরা থানার কাজিরচর সংলগ্ন মাছের ঘাট বাজার এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ড বেইস ভোলা ও আউটপোস্ট মনপুরার সদস্যরা যৌথভাবে বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে কুখ্যাত ডাকাত চক্র ‘স্বপন বাহিনী’র প্রধান স্বপনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ওই এলাকার একটি মাছের আড়তে তল্লাশি চালিয়ে একটি দেশীয় একনলা বন্দুক এবং আটটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
গ্রেপ্তার স্বপন ভোলার মনপুরা উপজেলার হাজিরহাট এলাকার বাসিন্দা। কোস্ট গার্ডের দাবি, তিনি দীর্ঘদিন ধরে ‘স্বপন বাহিনী’র নেতৃত্ব দিয়ে বিভিন্ন ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন। তার বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলাও রয়েছে।
কোস্ট গার্ড জানিয়েছে, উদ্ধার করা অস্ত্র জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, “দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত রাখবে।”