
মোঃ মেহেদী হাসান, মনপুরা: ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় সরকারি খাল দখল ও ভরাটের কারণে প্রাকৃতিক পানি নিষ্কাশন ব্যবস্থা ভেঙে পড়েছে। ফলে সামান্য বৃষ্টি ও জোয়ারেই উপজেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। প্রায় ৩৭৩ বর্গকিলোমিটার আয়তনের এই উপজেলায় দেড় লাখের বেশি মানুষ বছরের পর বছর দুর্ভোগে রয়েছেন।
স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী মহল সরকারি খাল দখল করে স্থাপনা নির্মাণ ও ভরাট করায় পানির স্বাভাবিক প্রবাহ বন্ধ হয়ে গেছে। এতে বসতঘর, শিক্ষাপ্রতিষ্ঠান, সড়ক ও কৃষিজমি পানিতে তলিয়ে যায় এবং কৃষকরা সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়ছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা আহসান তাওহীদ বলেন, খাল দখলের কারণে বর্ষায় জলাবদ্ধতা এবং রবি মৌসুমে সেচ সংকট তৈরি হচ্ছে। খালগুলো দখলমুক্ত না হলে ভবিষ্যতে কৃষি খাত বড় ধরনের হুমকির মুখে পড়বে।
পানি উন্নয়ন বোর্ড-২ (চরফ্যাশন)-এর নির্বাহী প্রকৌশলী মো. আসাফউদ্দৌলা জানান, চলমান খাল পুনঃখনন প্রকল্পের আওতায় মনপুরার কয়েকটি খাল অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রকল্প বাস্তবায়নের সময় খালের ওপর গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করে খালগুলো দখলমুক্ত করা হবে।
স্থানীয়দের দাবি, খাল পুনঃখননের পাশাপাশি অবৈধ দখল উচ্ছেদ, নিয়মিত রক্ষণাবেক্ষণ ও কঠোর প্রশাসনিক নজরদারি নিশ্চিত করা হলে মনপুরার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান সম্ভব।