
ভারত থেকে চলতি বছরই রেলওয়ের জন্য ২০০টি ব্রডগেজ কোচ সরবরাহ শুরু হবে বলে জাতীয় সংসদে জানিয়েছেন সড়ক পরিবহন ও রেলমন্ত্রী শেখ রবিউল আলম। ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের অর্থায়নে সংগ্রহ করা এই কোচগুলো ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে রেলবহরে যুক্ত হবে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সংসদে প্রশ্নোত্তর পর্বে মন্ত্রী জানান, নতুন এই কোচগুলো পাওয়া গেলে ঢাকা থেকে উত্তরবঙ্গের জেলাগুলোতে আন্তঃনগর ট্রেনের সংখ্যা বাড়ানো সম্ভব হবে।
সংসদে রেলপথের বর্তমান চিত্র তুলে ধরে মন্ত্রী জানান, দেশে এখন মোট ৩,৪২৮.৯ কিলোমিটার রেলপথ রয়েছে। যাত্রীসেবা ও রাজস্ব বাড়াতে সরকার ২৬০টি ব্রডগেজ প্যাসেঞ্জার ক্যারেজ এবং ৯৬টি লোকোমোটিভ (ইঞ্জিন) সংগ্রহের পরিকল্পনা নিয়ে কাজ করছে, যার অনুমোদন প্রক্রিয়া বর্তমানে চলমান।
এছাড়া রেলমন্ত্রী আরও জানান, বর্তমানে ঢাকা ও উত্তরবঙ্গের মধ্যে ১৫টি আন্তঃনগর ট্রেন সচল আছে। নতুন ক্যারেজ ও ইঞ্জিন বহরে যুক্ত হওয়ার পর বাস্তবতার নিরিখে রুট নির্ধারণ করে নতুন ট্রেন পরিচালনার উদ্যোগ নেবে বাংলাদেশ রেলওয়ে। পাশাপাশি দেশজুড়ে ব্রডগেজ ও ডুয়ালগেজ লাইন স্থাপনের মাধ্যমে রেল নেটওয়ার্ক সম্প্রসারণের কাজও অব্যাহত রয়েছে।