
ভোলা সদর উপজেলার চরজংলা এলাকায় বসতবাড়িতে প্রবেশ করে মারধর, ভয়ভীতি প্রদর্শন ও জোরপূর্বক চাঁদা আদায়ের ঘটনায় চার এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে ভোলা সদর মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়, শুক্রবার (১৭ জুলাই) বিশেষ অভিযান পরিচালনা করে অভিযুক্ত চারজনকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৬ জুলাই সকালে ভোলা পৌরসভার ভোকেশনাল রোড এলাকায় ব্যবসায়ী ফজলে রাব্বিকে মারধর করে তার মোবাইল ফোন ভাঙচুর এবং চাঁদা দাবি করে দুর্বৃত্তরা। পরে তার বাবা আবদুল জলিল মিয়ার চরজংলা এলাকার বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখিয়ে দেড় লাখ টাকা চাঁদা দাবি করা হয়। এ সময় জোরপূর্বক ১৯ হাজার টাকা আদায় করে নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। একই দিন রাতে অভিযুক্তরা আবারও ওই বাড়িতে গিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে পুনরায় চাঁদা দাবি করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী আবদুল জলিল মিয়া বাদী হয়ে ১৭ জুলাই ভোলা সদর মডেল থানায় চাঁদাবাজি ও মারধরের অভিযোগে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযান চালিয়ে চার এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. ফাহাদ হোসেন রূপক (৩৩), মো. আব্দুল্লাহ (১৯), দিগন্ত চন্দ্র ঘোষ ওরফে শুভ (২৪) এবং নাদিমুল মাওলা ওরফে নাদিম (১৯)।
ভোলা সদর মডেল থানা পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামিরা ঘটনার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। মামলার অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া, যেকোনো ধরনের অপরাধ দমনে জেলা পুলিশ কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণে বদ্ধপরিকর বলেও জানানো হয়েছে।