
জুলফিকার তালুকদার, চরফ্যাশন: ভোলার চরফ্যাশন উপজেলার চর আইচা মাধ্যমিক বিদ্যালয়ে জুলাই শহীদদের স্মরণে আয়োজিত আলোচনা সভার অনুষ্ঠানের আয়োজনের ধরন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
১৬ই জুলাই বৃহঃবার অনুষ্ঠিত হওয়া সভায় দেখা যায় প্রচলিত ব্যানারের পরিবর্তে বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষের ব্ল্যাকবোর্ডে সাদা চক দিয়ে "জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা" লিখে কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা যায়।
স্থানীয় জুলাই যোদ্ধা খাইরুল ইসলাম ক্ষোভ নিয়ে বলেন, বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হলেও কোনো প্রিন্টেড ব্যানার বা স্মারক ব্যাকড্রপ ব্যবহার করা হয়নি। খাইরুল আরো বলেন, জুলাই শহীদদের স্মরণে আয়োজিত এমন একটি অনুষ্ঠানে ন্যূনতম একটি ব্যানার বা উপযুক্ত আয়োজন না থাকায় শহীদদের আত্মত্যাগের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। অন্যদিকে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে দক্ষিণ আইচা থানা যুবলীগের ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রলীগ সভাপতি মহিউদ্দিন বিপ্লব (শিক্ষক) কে করায় বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও নানা প্রতিক্রিয়া দেখা গেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চর আইচা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, বর্তমান ম্যানেজিং কমিটির সভাপতি ও দক্ষিণ আইচা থানা বিএনপির সভাপতি আবুল কাশেম শাহ।
অনুষ্ঠানের দায়িত্বে থাকা সহকারী প্রধান শিক্ষক মিজানুর রহমানের কাছে এ বিষয়ে জানতে ফোন দিলে তিনি ফোন রিসিভ না করায় জানা সম্ভব হয়নি।