
মোঃ হাসান ফরাজী (বোরহানউদ্দিন ): ভোলার বোরহানউদ্দিন উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৯১ পিস ইয়াবাসহ মো. হারুন (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বোরহানউদ্দিন থানা পুলিশ।
পুলিশ জানায়, ভোলা জেলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর দিকনির্দেশনায় এবং বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামানের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় বুধবার (১৫ জুলাই) রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে বোরহানউদ্দিন থানার এসআই (নিরস্ত্র) মো. মামুন হাওলাদার সঙ্গীয় ফোর্সসহ কাচিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের রুপাই মুন্সি বাড়ির সামনের কাঁচা সড়কে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। এ সময় মো. হারুনকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৯১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার হারুন কাচিয়া ইউনিয়নের ফুলকাচিয়া ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার পিতা মৃত আব্দুল জলিল এবং মাতা রহিমা বেগম।
পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত ইয়াবার ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
এ বিষয়ে বোরহানউদ্দিন থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, “মাদকের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশের অবস্থান ‘জিরো টলারেন্স’। বোরহানউদ্দিন থানার পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও তা আরও জোরদার করা হবে। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।”
এদিকে স্থানীয় সচেতন মহল পুলিশের এ অভিযানকে স্বাগত জানিয়ে বলেন, মাদক সমাজ ও তরুণ প্রজন্মের জন্য মারাত্মক হুমকি। তারা মাদক নির্মূলে পুলিশের ধারাবাহিক অভিযান অব্যাহত রাখার পাশাপাশি মাদক কারবারিদের বিরুদ্ধে আরও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একই সঙ্গে মাদকমুক্ত বোরহানউদ্দিন গড়ে তুলতে প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন তারা।